Logo
শিরোনাম

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার খাদে, ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কালীগঞ্জে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) খাদে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাড়িতে থাকা ওই ব্যক্তির স্ত্রী ও চালক আহত হয়েছেন। শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জের নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমাদুল জাহেদী।

নিহত আবদুর রহিম খান (৭২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। আহতরা হলেন তার স্ত্রী দিলজুয়ারা খানম এবং গাড়িচালক বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের আনছের আলী সরদারের ছেলে মো. সোলেমান মিয়া (৩২)। এ দম্পতি মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন।

পুলিশ জানিয়েছেন, ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রাইভেট কার যোগে কালীগঞ্জ হয়ে ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যার দিকে কালীগঞ্জের নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারটি ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি ছিটকে গিয়ে পাশের খাদে পড়ে। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক ইমাদুল জাহেদী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবদুর রহিম খানকে মৃত অবস্থায় এবং তার স্ত্রী দিলজুয়ারা খানম ও তাদের গাড়ি চালক সোলেমানকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহত আবদুল রহিমের ছেলের সাথে মোবাইলে কথা হয়েছে। সকালে এসে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাবে।


আরও খবর