
সিরিজ নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখেই। বাংলাদেশের কাছে কার্যত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিটি বড় কোনো গুরুত্ব বহন করছে না। তারপরও দাপটে সিরিজ শেষ করার একটা লক্ষ্য তো থাকছেই।
তবে বারবার জয় হাতের নাগালে পেলেও টসটা কিছুতেই নিজেদের করে নিতে পারছে না টাইগাররা। শেষ ম্যাচেও টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে।
এ নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থবারের মতো টস হারলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেবল টসভাগ্য সহায় হয়েছিল তার।
পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় প্রায় হাতের নাগালে নিয়ে এসেছিল টাইগাররা। কিন্তু সময়মতো ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭৬ রানে অলআউট করে পায় বড় জয়।
তবে চতুর্থ ম্যাচে আর সফরকারি দলকে পাত্তা দেয়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিউইদের ৯৩ রানে অলআউট করে ৬ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামিম হোসাইন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাকোনকি, স্কট কুগেলিন, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

