Logo
শিরোনাম

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান

প্রকাশিত:শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গতকাল আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আর সেই জয়ে ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে ভারত আর আফগানিস্তানের। সুপার ফোরে আজ এই দুই দলের লড়াইটি হয়ে দাড়িয়েছে শুধুই নিয়ম রক্ষার। এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। শুধুই আনুষ্ঠানিকতার এই ম্যাচে অবশ্য একটি চ্যালেঞ্জ থাকছে দুই দলের সামনেই। এশিয়া কাপের সুপার ফোর থেকে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফেরার তাড়না।

এবারের এশিয়া কাপে দুই দলই দারুণ সূচনা করেছিলো। গ্রুপ পর্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে সুপার ফোরে। অন্যদিকে আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন।

কিন্তু দুই দলই সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে যায়। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত। আর আফগানিস্তান প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর গতকাল পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে হেরে নিজেদের সঙ্গে ভারতের বিদায়ও নিশ্চিত করে।

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজকের নিয়ম রক্ষার ম্যাচেও নিজেদের শক্তিমত্তা পরীক্ষা করে নিতে চাইবে দুই দল।

বিশেষ করে আফগান স্পিনারদের বিপক্ষে নিজেদের ব্যাটিং সামর্থ্য পরীক্ষা করার সুযোগ পাবে ভারত। তবে গতকালের ম্যাচের উত্তপ্ত পরিস্থিতি ও ক্লান্তিতে আজ কিছুটা পিছিয়ে থাকবে আফগানরা। তবে দুই দলই চাইবে শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে।

আনুষ্ঠানিকতার ম্যাচ হওয়ায় আজকের ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। আফগানদের বিপক্ষে আজ অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। ভারত আজ অধিনায়কসহ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে। হার্দিক পান্ডিয়া নার যুজবেন্দ্র চাহালকেও আজ বিশ্রামে রেখেছে টিম ইন্ডিয়া। তাদের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল আর দীপক চাহার।

অন্যদিকে, আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ ভারতের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুদা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ শিং।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, কারিম জানাত, রাশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, মুজিবুর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।ছবি- ইএসপিএন ক্রিকইনফো


আরও খবর