
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কৌতুক অভিনেতা ভাদাইমাখ্যাত আহসান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
রোববার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিষয়টি দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন নিশ্চিত করেছেন।
আহসান আলী সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলো। এছাড়া তার লিবারেও পানি ছিলো। রোববার সকালে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মরহুমের লাশ বাড়িতে আনা হয়েছে। রাত নয়টায় সামাজিক কবরস্থানে দাপন করা হবে।
তার পারিবারিক সূত্র জানায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতো। প্রায় দুই যুগ আগে থেকে কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদাইমা হিসেবে পরিচিতি পান।

