Logo
শিরোনাম

ভালুকায় নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ চিকিৎসক

প্রকাশিত:বুধবার ১৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় খিরু নদীতে নৌকায় বালুবাহী ট্রলারের ধাক্কার ঘটনায় নিখোঁজ ২ জনের মধ্যে তানভীর (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো ডা. অমিত রায় নামে এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) চিকিৎসকদের উদ্যোগে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে আনন্দ-ভ্রমণে বের হন। আনন্দ-ভ্রমণ শেষে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, নৌকার যাত্রীদের কেউ কেউ সাঁতরে নদীর তীরে আসেন। বেশ কয়েকজনকে উদ্ধার করে এলাকাবাসী। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. অমিত রায় ও তানভীর নামে একজন যুবক নদীর তীরে আসতে পারেননি। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় রাত ১২ টা ২০ মিনিটের দিকে তানভীর নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে চিকিৎসক অমিত রায় এখনো নিখোঁজ আছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পুলিশও কাজ করছে।



আরও খবর