
যশরাজ ফিল্মসের হাত ধরে ক্যারিয়ার শুরু ভানি কাপুরের। ৯ বছরের ক্যারিয়ারে হিন্দি সিনেমার সংখ্যা মাত্র ছয়টি। চারটিই যশরাজ ফিল্মসের। ২০১৩ সালে প্রথম হিন্দি সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’ মুক্তির পর ছয় বছরে তাঁর মাত্র দুটি সিনেমা মুক্তি পায়—‘বেফিকরে’ ও ‘ওয়ার’। সিনেমা মুক্তির এই দীর্ঘসূত্রতার অন্যতম কারণ যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি।
এত দিন যশরাজের ঘরের নায়িকা বলেই পরিচিত ছিলেন ভানি। এমনকি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে প্রেম চলছে বলেও গুঞ্জন ছিল। তিন বছর হলো চুক্তি শেষ হয়েছে যশরাজের সঙ্গে। ভানি হলেন মুক্ত। প্রস্তুতি নিলেন নতুন করে শুরুর। হুট করেই চলে এল করোনা। তবু থেমে থাকলেন না তিনি। গত বছর যশরাজের বাইরে মুক্তি পায় ‘বেল বটম’ ও ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমা দুটি। দ্বিতীয়টিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান ভানি।
আবারও যশরাজ
ফিল্মসের সিনেমা নিয়ে পর্দায় আসছেন ভানি। আগামী ২২ জুলাই মুক্তি পাবে ভানি অভিনীত ‘শমসেরা’। সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করছেন তিনি। সঞ্জয় দত্ত ও রণবীরের মতো
অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করে ভীষণ খুশি তিনি। ভানি বলেন, ‘আগে কখনো এ ধরনের সিনেমায় কাজ করিনি।
এতে যে সিনেম্যাটিক অভিজ্ঞতা পেয়েছি, তা “লার্জার দ্যান লাইফ” ধরনের। আমি পরিচালক করণ মালহোত্রার পিরিয়ড বা ইতিহাসনির্ভর সিনেমার
বড় ভক্ত।
‘শমসেরা’য় সোনা চরিত্রে দেখা যাবে ভানিকে। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সিনেমায় আমার অভিনীত চরিত্রটির নাম সোনা। মানসিকভাবে খুব শক্ত, আত্মবিশ্বাসে ভরপুর স্বাধীন একটি চরিত্র। অভিনয়ের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হয়েছে। কারণ, পিরিয়ড সিনেমায় এর আগে অভিনয় করিনি।
সহশিল্পী হিসেবে
রণবীর কাপুর সম্পর্কে ভানি বলেন, ‘অভিনয়ের প্রতি রণবীরের যে ডেডিকেশন, তা এতদিন পর্দায় দেখেছি। এবার সামনে
থেকে দেখলাম। চরিত্রের এতটা গভীরে গিয়ে রণবীরের মতো অনেকেই কাজ করতে পারে না। তবে এই
রণবীরকে আগে কেউ দেখেননি। রণবীর সত্যিই নিজেকে একদম বদলে ফেলতে জানেন।’

