
কথাসুন্দর নাট্যদলের প্রথম প্রযোজনা হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউজ’ অবলম্বনে নাটক ‘খেলাঘর’। নাটকটি পশ্চিমবঙ্গে নাট্যোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। নাট্যোৎসবের আয়োজক পশ্চিমবঙ্গের ‘খড়দহ’ আর্টিস্ট গ্রুপ’। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী আয়োজিত হচ্ছে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসব-২০২২’। ওই আয়োজনের দ্বিতীয় দিন (১৯ জুন) কথাসুন্দর নাট্যদলের নাটকটি মঞ্চস্থ হবে।
নাট্যোৎসব উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রধান অতিথি থাকবেন খড়দহ পৌরসভার প্রধান নীলু সরকার। বিশেষ অতিথি থাকবেন নাট্য পরিচালক দেবাশীষ রায় ও মলয় মিত্র। এছাড়া কথাসুন্দর নাট্যদলের নাটকটি পশ্চিমবঙ্গের ‘ষড়ভুজের’ আমন্ত্রণে গিরিশমঞ্চে ২১ জুন ও মেদিনীপুরের ষড়ঙ্গ আয়োজিত নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ২৩ জুন।
নারীর আত্মনির্ভরতা ও স্বতন্ত্র ব্যক্তিসত্তায় উদ্ভাসিত হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে ইবসেনের বিশ্বখ্যাত এ নাটকে। এর পাণ্ডুলিপি সম্পাদনা, মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। আলোক পরিকল্পনায় করেছেন পশ্চিমবঙ্গের নাট্যমঞ্চের আলোক পরিকল্পক ও নির্দেশক সুদীপ সান্যাল। এছাড়া আবহ পরিকল্পনায় আছেন দেবাশীষ রায়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ রওনা হবেন নাটকের কলাকুশলীরা।

