
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে
নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী জওয়ানও রয়েছেন। তিনিই পথমে গুলি চালিয়ে চার জওয়ানকে
হত্যা করেছিলেন বলে শোনা যাচ্ছে। রবিবার (৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ
জওয়ানের একজন রবিবার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন
নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন
নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এনডিটিভি বলছে, কনস্টেবল সাত্তেপ্পা এস
কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে।
এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম
বলছে, রোববার সকালে অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পার সঙ্গে মেসেরই কয়েকজন বিএসএফ জওয়ানের
কথা কাটাকাটি হয়। সেই সময়ই হঠাৎ করেই অভিযুক্ত সাত্তেপ্পা নিজের একে-৪৭ রাইফেল দিয়ে
সহকর্মীদের উদ্দেশে গুলি চালাতে শুরু করেন।
গুলিতে গুরুতর আহত হন ৬ জন। তাদের মধ্যে
৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার
অবস্থা আশঙ্কাজনক।
গোটা ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে
কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

