Logo
শিরোনাম

ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের ফুটবলার

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে দেশটির ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। তার ক্লাব ইয়েনি মালত্যাসপোরের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। ক্লাবটি টুইটারে লিখেছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

এদিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দুই দেশে প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। খবর আলজাজিরার।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৫ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া সিরিয়ায় এ সংখ্যা ১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রাণহানির সংখ্যা ৮১২ এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ ভূমিকম্পে দুই দেশে মোট আহত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে তুরস্কে আহত হয়েছেন ২১ হাজার ১০৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৬৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরও খবর