Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাড়ির সন্ধান পাওয়ায় বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মাহবুব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে এরই মধ্যে ঋণ জালিয়াতি ও অর্থপাচারের দুই মামলায় সাবেক এই প্রধান বিচারপতির চার ও সাত বছরের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে তার।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ২ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা দিয়ে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কেনেন। ২০১৮ সালের ১২ জুন এ বাড়িটি কেনা হয়। যার ঠিকানা ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২। এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন। পরে তার ছোট ভাই অনন্তর অ্যাকাউন্টে এসব অর্থ ট্রান্সফার করা হয়।

সংবাদ সম্মেলনে দুদকের সচিব জানান, দেশে থাকার সময় এস কে সিনহা নানাভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেন। পাচার করা এই টাকার পরিমাণ ২ লাখ ৮০ হাজার ডলার। পাচার করা এই অর্থ দিয়ে সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি তিনতলা বাড়ি কিনেছেন। আপন ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে এস কে সিনহা বাড়িটি কিনেছেন বলেও জানান মাহবুব। 


আরও খবর