
আগামী দুই বছরে যুক্তরাষ্ট্রে চারটি নতুন গুদাম বা বিতরণ কেন্দ্র খোলার পরিকল্পনা করছে ওয়ালমার্ট। এ গুদামগুলোয় চার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ পদক্ষেপের মাধ্যমে সংস্থাটির বিতরণ নেটওয়ার্ক আরো প্রসারিত হবে এবং কর্মীদের কাজ সহজ হবে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের কঠিন শ্রমবাজারে কর্মী খুঁজে পেতে এবং বিদ্যমান কর্মীদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় সংস্থাগুলো বেতন বৃদ্ধি ও বোনাসসহ বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। এর অংশ হিসেবে ওয়ালমার্টও কর্মীদের বেতন বাড়িয়েছে। সংস্থাটির নতুন কেন্দ্রগুলো ইলিনয়ের জোলিয়েট, ইন্ডিয়ানার ম্যাককর্ডসভিল, টেক্সাসের ল্যাঙ্কেস্টার ও পেনসিলভানিয়ার গ্রিনক্যাসলে স্থাপন করা হবে। এ পদক্ষেপের লক্ষ্য হলো, মার্কিন জনসংখ্যার ৭৫ শতাংশকে এক কিংবা দুদিনের মধ্যে পণ্য সরবরাহ করা।
গত বছর মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি সরবরাহ চেইনে ২০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেয়। নতুন কর্মসংস্থান এ পরিকল্পনারও অংশ বলে মনে করা হচ্ছে। নতুন কর্মীরা ঘণ্টাপ্রতি ১৬-২৮ ডলার বেতন পাবেন। অটোমেশন প্রতিষ্ঠান ন্যাপের ডিজাইন করা নতুন সরবরাহ কেন্দ্রগুলো ওয়ালমার্টের ক্রয়াদেশ প্রক্রিয়ায় ধাপের সংখ্যা ১২টি থেকে পাঁচটি কমিয়ে দেবে এবং স্টোরেজ ক্ষমতা দ্বিগুণ করবে।

