Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে আহত ১২

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন ১২ জন। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। কলম্বিয়া শহরের পুলিশের বরাত দিয়ে করা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গোলাগুলির ঘটনায় আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক জানিয়েছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনা গতানুগতিক কোনো সহিংসতার ঘটনা নয় বরং এরা আগে থেকেই একে অপরকে চেনে এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে। গোলাগুলির প্রকৃত কারণ এবং এ বিষয়ে পাওয়া তথ্য এখনও অসম্পূর্ণ বলে জানিয়েছেন তিনি।

উইলিয়াম হলব্রুক বলেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকের এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে বন্দুকের গুলিতে আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে। এছাড়া আহত ছয়জনের অবস্থাও স্থিতিশীল।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৭৩ বছরের মধ্যে। এছাড়া গোলাগুলির মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটির সময় ধাক্কাধাক্কিতে আরও দুইজন আহত হয়েছেন।

এদিকে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রাদেশিক রাজধানী কলাম্বিয়ার শহরতলীর প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত ওই শপিংমলে পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মীদের ব্যাপক উপস্থিতির কথা জানিয়েছে।


আরও খবর