
অবশেষে ১১ দিন পর টঙ্গী ব্রিজ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল শুরু হলো। গতকাল শনিবার রাতে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষে আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়। বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার রাতে সেতুটি মেরামত শেষে ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা বিবেচনা করে তা উন্মুক্ত করা হয়নি। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ব্রিজটি খুলে দেওয়া হয়েছে।’
ব্রিজটি ভাঙা অংশ মেরামতের কারণে গত কয়েকদিন ধরেই আব্দুল্লাহপুরসহ গাজীপুর অংশে তীব্র যানজটে লেগে ছিল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো যানবাহনের চালক ও যাত্রীদের। শনিবার রাতে ভেঙে পড়া অংশ মেরামত কাজ শেষ হলে ১১ দিন পর আবারও যান চলাচল শুরু হয়।
এর আগে, গত ৯ নভেম্বর রাত তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর ওপর টঙ্গী সেতুর পুরোনো স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

