Logo
শিরোনাম

১৪ বছরের শিশুদের কাজে নিয়োগে নিষেধাজ্ঞা

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মন্ত্রিসভায় আজ আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইএলও কনভেনশন-১৩৮ এ ১৫ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বয়সসীমা ১৪ বছর করার সুপারিশ করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যে কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিশুদের বয়সসীমা ১৪ বছর কমিয়ে আনা যেতে পারে, তবে এর চেয়ে কম নয়। তিনি আরো বলেন, মন্ত্রিসভা বাংলাদেশের জন্য ১৪ বছর উপযুক্ত বলে মনে করে।

তিনি বলেন, আইএলও কনভেনশন-১৩৮ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ এতে স্বাক্ষর করেছে।

তিনি আরও বলেন, এর আগে আইএলও এর ৭টা কনভেনশন আমরা স্বাক্ষর করেছি। ৭টা মৌলিক কনভেনশন। এছাড়া আরও সাব সিডিয়ারি ৩৫টা কনভেনশনও স্বাক্ষর করেছে বাংলাদেশ। এখানে ১৩৮ নম্বর যেই কনভেনশনটা এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা ১৮৯টা দেশের মধ্যে ১৭৩টা দেশ স্বাক্ষর করেছে। এখানে তিনটা বিষয় আছে। যেহেতু বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে সুতরাং ১৫ বছরের কম কোনো বাচ্চাকে কাজে লাগানো যাবে না। তবে কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে তারা কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর উপর না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ হোক বা ১৫ হোক, এই শিশুদের কোনো অবস্থাতেই কোন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। যেসব কাজে তাদের অ্যাকসিডেন্ট হওয়ার বা জীবন নাশের সম্ভাবনা আছে, সেই সব কাজে কোনোভাবেই এই সব শিশুদেরকে ব্যবহার করা যাবে না।


আরও খবর