Logo
শিরোনাম

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | ৪৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, সারা দেশে শিক্ষার্থীদের হাফপাস চালু করা।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

হুমকির শিকার ওই ছাত্রী জানান, রাজধানীর শনিরআখড়া থেকে কলেজে আসার জন্য ঠিকানা পরিবহনের বাসে উঠেন তিনি। শনিরাখড়া থেকে কলেজের ভাড়া ১০ টাকা। কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে চালকের সহকারী তাঁর সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে কলেজের সামনে বাস থেকে নেমে যাওয়ার সময়ে তাঁকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন।

আন্দোলনরত শিক্ষার্থী মোছা. মোবাশ্বিরা বলেন, হাফভাড়া দিতে চাওয়ায় আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দিয়েছে একটি বাসের হেলপার। এটা খুবই উদ্বেগজনক। আমরা এই ঘটনার বিচার চাই।

অপর এক শিক্ষার্থী বলেন, বাসে উঠতে চাইলে বাস থামায় না। আবার নামার সময় ভালোভাবে নামায় না। আবার নানা ধরনের হয়রানি করে। এসব থেকে পরিত্রাণ চাই আমরা।


আরও খবর