Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত:সোমবার ০২ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭৯ জনই রাজধানীর। সোমবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৭৮ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৪০ ডেঙ্গু রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ৩ হাজার ১৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২ হাজার ২০০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে ৪টি মৃত্যুর তথ্য পাওয়া গেলেও এখনও কোনো মৃত্যুই ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি আইইডিসিআর।

ডেঙ্গু প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ বিশেজ্ঞদের।

প্রতিবছর বর্ষাকালেই রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।


আরও খবর