
আগামী ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
বিভাগীয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি জানান, যাত্রীবাহী বাস, পণ্যবাহী
ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও সিএনজিচালিত পরিবহন ধর্মঘটের আওতায় থাকবে। হানিফ
পরিবহনের এক বাস চালকের জামিন না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান মাহাতাব
হোসেন চৌধুরী।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের বাস ও মাইক্রোবাসের
মুখোমুখি সংঘর্ষে ১৭ জন প্রাণ হারান। ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর
বাসচালক আব্দুর রহিম এখনো জামিন পাননি।
এর আগে ২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে হানিফ এন্টারপ্রাইজের
বাসের ধাক্কায় মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসেই জীবন্ত পুড়ে ১৭ জনের মৃত্যু
হয়। পরে এ ঘটনায় মামলা হয়। এছাড়া তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে
বলা হয়, বেপরোয়া গতিতে বিপজ্জনক ওভার টেকিং করে হানিফ এন্টারপ্রাইজ বাস। এ কারণেই সড়কে
জীবন্ত মানুষগুলো পুড়ে ছাই হয়ে যান।
কারাবন্দি বাসচালকের মুক্তি দাবি করে গত ১৫ মার্চ মানববন্ধন করেন সড়ক
পরিবহন শ্রমিকরা। এ নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক
কমিটির পক্ষ থেকে গত ১৬ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার ওই বাসচালকের জামিন শুনানি ছিল। কিন্তু আদালত তার জামিন
নামঞ্জুর করেন।
শ্রমিক নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম ২৪ মার্চের মধ্যে বাসচালক
আব্দুর রহিমের জামিন না হলে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
সংবাদ
সম্মেলনে অন্যান্যের মধ্যে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের
সহ-সভাপতি হারুন-অর-রশীদ, শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ
বাপ্পী, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভুলু প্রমুখ
উপস্থিত ছিলেন।

