
ইউরোপে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অনলাইনভিত্তিক গাড়ি বিক্রেতা কাজু। ব্যবসায়ের পরিধি ছোট করে আনা উদ্যোগের অংশ হিসেবে আরো ৭৫০ কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। এর আগে গত জুনে চাহিদা কমে যাওয়ার কথা বলে একই সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল। নগদ অর্থ সংরক্ষণে সংস্থাটি কেবল যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করবে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কাজু ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের কার্যক্রম গুটিয়ে নেবে। এতে দেশগুলোয় থাকা কর্মীরাও অপ্রয়োজনীয় হয়ে পড়বে। ফলে দ্বিতীয়বারের মতো ৭৫০ জন কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে অতিপ্রয়োজনীয় নয় এমন পণ্য ও পরিষেবায় ব্যয় কমিয়ে দিয়েছেন ভোক্তারা। ফলে চাহিদা কমে যাওয়ায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে কাজু প্রতিষ্ঠা করা এবং বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অ্যালেক্স চেস্টারম্যান বলেন, মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ চেইনের সমস্যাগুলোর সঙ্গে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সুদের হারের সংমিশ্রণে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে। এ পরিস্থিতি ভোক্তা আস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বিপর্যস্ত অবস্থায় পড়ার আগে নগদ অর্থ সংরক্ষণ বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। ব্যয় সংকোচনের উদ্যোগ নিলেও সংস্থাটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সংস্থাটির আয় ৩৩ কোটি ৩০ লাখ পাউন্ডে পৌঁছেছে। এ আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। তবে ২৪ কোটি ৩০ লাখ ডলার নগদ ব্যয়ের জন্য সংস্থাটি এ সময়ে লোকসান গুনেছে। এভাবে নগদ অর্থ ব্যয়কে অনেক বিশ্লেষক টেকসই নয় বলে মনে করেন।
গত কয়েক মাসে নিউইয়র্ক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫০ কোটি ডলারের নিচে চলে গিয়েছে। তবে বৃহস্পতিবার সংস্থাটির শেয়ারদর ১৬ শতাংশেরও বেশি বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা সংস্থাটির ব্যয় সংকোচনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। ইউরোপ ত্যাগ করার ঘোষণার কয়েক মাস আগেও কাজু ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক দে মার্সেইকে স্পন্সর করতে সম্মত হয়েছিল। আক্রমণাত্মক বৃদ্ধি কৌশলের অংশ হিসেবে ক্রীড়া স্পন্সরশিপ করে আসছিল প্রতিষ্ঠানটি। সংস্থাটির ইউরোপীয় ফুটবলের শীর্ষ লীগ স্পেনের রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়া, ফ্রান্সের লিলি অলিম্পিক, ইতালির বোলোগনা এফসি ও জার্মানির এসসি ফ্রেইবার্গের সঙ্গে যুক্ত রয়েছে। এ অবস্থায় কাজু স্পন্সরশিপ চুক্তি বাতিলের জন্য সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে সংস্থাটি যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলা, হানড্রেড ক্রিকেট প্রতিযোগিতা, ঘোড়দৌড়ের ডার্বি এবং মাছ ধরার ক্রীড়া প্রতিযোগিতা ফিশওম্যানিয়ায় স্পন্সরশিপ অব্যাহত রেখেছে।
কাজুর প্রধান নির্বাহী চেস্টারম্যান বলেন, ইউরোপে কার্যক্রম গুটিয়ে নেয়ার মাধ্যমে আমরা ব্যালান্সশিট ঠিক রাখতে পারব। পাশাপাশি এর মাধ্যমে নতুন কোনো বিনিয়োগ ছাড়াই প্রতিষ্ঠান চলতে পারবে। আমরা চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের মুখোমুখি হয়েছি। তবে যুক্তরাজ্যে আমাদের এখনো শক্তিশালী গ্রাহক চাহিদা রয়েছে।

