Logo
শিরোনাম

আদালতে সিনহা হত্যা মামলার ১৫ আসামি

প্রকাশিত:রবিবার ২৭ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক মেজর সিনহা হত্যা মামলার চার্জ গঠন ও দুই আসামির জামিন শুনানি রবিবার (২৭ জুন) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য সকালে সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার চার্জ গঠন ও দুই আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল সাগর দেবের জামিন শুনানি আজ হওয়ার কথা রয়েছে। এ কারণে মামলার চার্জশিটভুক্ত ১৫ আসামিকে আদালতে আনা হয়েছে।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটির তদন্তের জন্য র‌্যাবকে আদেশ দেন।

এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযোগে পুলিশের দায়ের মামলার তিন জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এছাড়া একই অভিযোগে পরে গ্রেফতার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও। মামলায় গ্রেফতার ১৪ আসামিদের র‌্যাবের তদন্ত কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‌্যাব।



আরও খবর