Logo
শিরোনাম

আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রীশেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২ ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানায়।

গত ৭ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে আবু ধাবি যান তিনি।

সফরকালে আল মাকতুমের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করাসহ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর তাদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হয়।

এসব হল- উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা স্মারক; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে মধ্যে সহযোগিতা বিনিময়ে একটি সমঝোত স্মারক; কুটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং সংযুক্ত আরব আমিরাত চেম্বার্স অ্যান্ড কমার্সের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আমিরাতের বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় অংশগ্রহণ ছাড়াও দুবাই প্রদর্শনী কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং দুবাই প্যাভিলিয়ন পরিদর্শনসহ বেশ কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন।


আরও খবর