Logo
শিরোনাম

আট বছর ধরে পলাতক দুই জঙ্গি গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরর পরোয়ানাভুক্ত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আট বছর ধরে পলাতক ওই আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর থানার ফুলপুর গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৯) এবং একই গ্রামের আতাউর কাজির ছেলে মাহফুজ রানা (২৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর রবিউল ইসলাম ও মাহফুজ রানা দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে সরকার তথা রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সমানে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

তিনি জানান, এই দুই আসামি জামিনে বের হয়ে পালিয়ে যায়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ আট বছর পর তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এটিইউ।

গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম ও মাহফুজ রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আরও খবর