Logo
শিরোনাম

বাংলাদেশে রকেট-স্যাটেলাইট তৈরির যাত্রা শুরু

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ০৬ আগস্ট ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণামূলক কার্যক্রম শুরু করার অংশ হিসেবে মহাকাশ জীবনের উপযোগী বিভিন্ন মডিউল বাণিজ্যিকভাবে তৈরি করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রিজ টু বাংলাদেশ (বিটুবি), অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) ও পিকো স্যাটেলাইটের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, দেশের মেধাবী তরুণরাই আগামী দিনে তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট।

রাজধানীর লা মেরিডয়ান হোটেলে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম।

লালমনিরহাটে অবস্থিত দেশের প্রথম এই মহাকাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহবুব। গবেষণা সহায়তায় এটুআইর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল। বিটুবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি সাজেদুল ইসলাম। আর পিকো স্যাটেলাইট ল্যাব স্থাপনের জন্য স্বাক্ষর করেন প্রফেসর ড. নাজমুল উল্লা। এ সমঝোতার মাধ্যমে দেশে একটি মহাকাশ ইকো সিস্টেম গড়ে তুলবে প্রতিষ্ঠান চারটি।

প্রধান অতিথির বক্তব্যে পলক আগামী দিনগুলোতে দেশ থেকে আরও অনেক স্যাটেলাইট উৎপাদন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আরবান প্লানিং ও আর্লি ফ্লাড ডিটেকশনের জন্য আমাদের অনেক অনেক স্যাটেলাইট উৎক্ষেপণ করা দরকার। সেক্ষেত্রে আজকে যে এমওইউ স্বাক্ষরিত হলো, তা অবজারভেটরি স্যাটেলাইটসহ পিকো, ন্যানো স্যাটেলাইট- এগুলো উৎপাদনে আমাদের সক্ষমতা প্রমাণ করবে।

পিকো স্যাটেলাইট প্রকল্পের মাধ্যমে মঙ্গলগ্রহসহ অন্যান্য উপগ্রহে জনবসতি গড়ে তুলতে এই সমঝোতা স্মারক কাজে লাগবে বলে উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে উদ্ভাবনী ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে আইসিটি বিভাগ সমন্বয়কের ভূমিকা পালন করছে। তিনি এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন।

নিউজ ট্যাগ: রকেট-স্যাটেলাইট

আরও খবর