
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকের করা মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সে সঙ্গে মামলাটিতে জামিন চেয়ে বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান।
খুরশীদ আলম বলেন, ‘অভিযোগ গঠনের সময় তিনি (আব্দুর রহমান বদি) অব্যাহতি চেয়েছেন, কিন্তু সে আবেদন খারিজ করেছেন বিচারিক আদালত। পরে সেই খারিজ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।’
আজ আদালতে তার পক্ষের আইনজীবী জানান, তারা এ মামলা চালাবেন না। পরে তাদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলেছে।
মামলা থেকে জানা গেছে, ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৭ সালে ফের কার্যক্রম সচল হয়।
এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেয় চট্টগ্রামের বিচারিক আদালত।

