
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ৯ দিন পর আরেক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে নিহত ব্যক্তির দেহের কিছু পোড়া অংশ, পায়ের হাড়, হাতের কিছু অংশসহ হাড়গোড় উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গণমাধ্যমকে বলেন, কনটেইনার ডিপোর ভেতরে মাঝামাঝিতে উত্তর–দক্ষিণে প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের একটা টিনশেড ভবন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের চাল এবং পিলারগুলো ভেঙে দুমড়েমুচড়ে পড়ে আছে। সেগুলো পরিষ্কার করছিলেন ডিপোর শ্রমিকেরা। টিনশেডের ভেতরে দেহাবশেষটি দেখে ডিপোর শ্রমিকেরা ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান। পরে পুলিশ গিয়ে দেহাবশেষটি উদ্ধার করে। তিনি আরও বলেন, ‘যেহেতু আলাদা স্থান থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, তাই এটি পৃথক কোনো ব্যক্তির দেহাবশেষ হতে পারে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের জন্য দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

