
বিএনপির ১০
ডিসেম্বরের সমাবেশে সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত
জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ রোববার পিরোজপুর
জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ
কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আগামী ১০ ডিসেম্বর যেন তাদের সমাবেশ সুষ্ঠুভাবে করতে পারে, সেজন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে
করা হয়েছে।’
বিএনপি প্রসঙ্গে
ওবায়দুল কাদের বলেন, ‘কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছ। তাদের
রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করা। রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে
লন্ডনে পালিয়ে যাওয়া ব্যক্তিকে নেতা বানানো এতো সহজ না। মানুষকে ধোকা দেওয়ার সময় শেষ।’

