
বেতন-ভাতা বাড়ানোর
দাবিতে চলা বিক্ষোভে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাস ভাঙচুর
করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের দুটি মোটরসাইকেলও আগুন দিয়ে জ্বালিয়ে দেন।
শনিবার বেলা ১২টার দিকে মিরপুর-১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে
আসেন। তাদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে। পরে বিকাল
সাড়ে ৫টার দিকে তারা বিজিবি ও পুলিশের গাড়িতে আগুন দেন।
পল্লবী থানার
পরিদর্শক (তদন্ত) আহাদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের
জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, শ্রমিকদের
আন্দোলনে কারও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়
জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে, শনিবার
দুপুরের পর থেকে গার্মেন্টস কর্মীরা মিরপুর ১৩, ১৪, ১০ নম্বরে অবস্থান করে। এ সময়
বন্ধ থাকে যানচলাচল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বেতন বাড়ানোর দাবি জানান
তারা।

