
বিশ্বের অন্যতম প্রাণঘাতি রোগ ম্যালেরিয়া। একশ বছরের
বেশি সময় ধরে চেষ্টার পর এ রোগের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরি করা হয়েছে, যার অনুমোদন
দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, মশাবাহিত এ রোগে
বিশ্বে ২০১৯ সালে আক্রান্ত হন ২৩ কোটি মানুষ, মৃত্যু হয় চার লাখ ৯ হাজারের। এসব মৃত্যুর
৯৫ শতাংশই ঘটে সাব সাহারা আফ্রিকায়। ২০১৯ সালে এ রোগে ৫ বছরের কম বয়সি শিশুর মৃত্যু
হয়েছে দুই লাখ ৭৪ হাজার। এখন এ টিকা তৈরির মাধ্যমে প্রতিবছর আফ্রিকায় লাখো শিশুর মৃত্যু
ঠেকানোর পথ তৈরি হলো।
আরটিএস,এস নামের এ টিকা ছয় বছর আগেই কার্যকর হিসেবে
প্রমাণিত হয়েছে। এরপর ঘানা, কেনিয়া ও মালাউয়িতে এর পরীক্ষামূলক প্রয়োগেও সফলতা আসে।
ডব্লিউএইচও বলছে, সাব-সাহারা আফ্রিকার মতো যেসব এলাকায়
ম্যালেরিয়ার মাঝারি থেকে উচ্চ প্রকোপ দেখা যায়, সেখানে এই টিকা প্রয়োগ করা উচিত।
পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা দেওয়া হয়েছে ২৩ লাখ শিশুকে।
তাতে দেখা গেছে, এ টিকা নিরাপদ এবং ম্যালেরিয়ার মারাত্মক সংক্রমণ ৩০ শতাংশ কমাতে সক্ষম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, এটি ঐতিহাসিক মুহূর্ত। শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার প্রতীক্ষা বহু দিনের। বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এটা যুগান্তকারী ঘটনা। এই টিকা প্রতিবছর লাখো মানুষের জীবন বাঁচাতে পারে।

