
সব বৈদ্যুতিক
বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে বৈঠক করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৯ জুলাই)
একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ২৮তম বৈঠকটি হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
কমিটি সভাপতি
ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, মোছা.
খালেদা খানম এবং নার্গিস রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে কেবিনেট
কক্ষের সব বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে স্থায়ী কমিটির বৈঠক
অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান
বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দফতরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর
ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
দেশের বিদ্যুৎ
উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে গৃহীত বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে বৈঠকে
আলোচনা এবং ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকাকারে কমিটিতে উপস্থাপন করা
হয়। বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধকল্পে প্রবিধান রাখার পরামর্শ
প্রদান করে স্থায়ী কমিটি। সরকারি স্থাপনাসমূহে জরুরিভিত্তিতে এনার্জি অডিট করার প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
ইতোমধ্যে সমাপ্ত
হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি প্রধান বিদ্যুৎ পরিদর্শন
(সিইআই) দফতরকে বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।

