
জয়পুরহাটে নিজ
বাড়িতে জোসনা কুন্ডু (৬৭) নামের এক বৃদ্ধাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত
বৃদ্ধার ছেলে নিশিত কুমার কুন্ডুকে (৩১) আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে
জয়পুরহাট শহরের সোনারপট্টি-হরিবাসর মন্দির মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত
জোসনা কুন্ডু ওই এলাকার হরিকুন্ডুর স্ত্রী।
জয়পুরহাটের পুলিশ
সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বৃদ্ধা জোসনা কুন্ডু নিজ বাড়িতে
তার ছেলে নিশিত কুমার কুন্ডুসহ বাস করতেন। দুপুরে দিকে স্থানীয়রা এ হত্যাকাণ্ডের ঘটনা
জানতে পেয়ে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।
তিনি জানিয়েছেন,
সঠিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এদিকে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধার ছেলে মাদকাসক্ত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা
হচ্ছে। সে তার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

