
আকাশচুম্বী অট্টালিকা
বুর্জ খলিফায় ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। সংযুক্ত আরব আমিরাতের
দুবাইয়ে অবস্থিত আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খলিফায় ভেসে উঠল ব্রিটেনের সদ্য প্রয়াত
রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। বিশ্বের সবচেয়ে উঁচু তথা ২ হাজার ৭০০ ফুট উচ্চতার এই
ভবনে প্রথমে রানির প্রতিকৃতি ফুটে ওঠে। এরপরেই যুক্তরাজ্যের পতাকার ছবি ভেসে ওঠে। বুর্জ
খলিফার অফিসিয়াল সাইট তার টুইটার অ্যাকাউন্টে এর ভিডিও প্রকাশ করেছে।
৭০ বছর ধরে যুক্তরাজ্য
শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রানির মৃত্যুর খবর
জানায় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা এই রানি
৯৬ বছর বয়সে মারা যান। রানির মৃত্যুর ঘটনায় বিশ্বের অনেক দেশই নানা ভাবে তাকে শ্রদ্ধা
জানিয়েছে। শনিবার রানির প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে
দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউজে শনি ও রবিবার বিশেষ আলোকসজ্জার
ব্যবস্থা করা হয়।
রানির মৃত্যুর
পর রাজসিংহাসনে আসীন হয়েছেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস, যিনি এখন থেকে রাজা তৃতীয়
চার্লস নামে পরিচিত হচ্ছেন। শনিবার সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে
একটি পরিষদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করা হয়।

