
বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য
মন্ত্রণালয়ের নেই। কৃষি মন্ত্রণালয় চাল, আটা, ডাল, ডিমের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার
রাখে। তাই কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব পণ্যের দাম নির্ধারণ করা হবে।
আজ শনিবার জাতীয়
প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে বিদেশি সংবাদমাধ্যমের
প্রতিনিধিদের সংগঠন ‘ওকাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী
বলেন, ‘কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। ২০১৮ সালের
এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের।
এখন কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ হবে।’
টিপু মুনশি
বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হবে কি না তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বাজার অস্বাভাবিক
হলে আমদানির দিকে যেতে হতে পারে। তবে ভোক্তাদের কথা বিবেচনার পাশাপাশি উৎপাদকদের কথাও
ভাবতে হবে।

