
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ২০২ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫২৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ৩ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৩০৪ জন।
এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৫ হাজার ১৩৮ জন রোগী।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তারা।

