
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ আশা প্রকাশ করে জানিয়েছেন, চলতি বছরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (বায়োপিক) অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন (মুজিব: একটি জাতির রূপকার)’ মুক্তি পেতে পারে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর, তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’
প্রসঙ্গত, ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। কয়েক মাস আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশ হলে এর বিভিন্ন বিচ্যুতি নিয়ে সমালোচনা হয়।

