
চট্টগ্রামের সীতাকুণ্ডে
বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের
১০টি ইউনিট কাজ করছে।
সীতাকুণ্ড ফায়ার
সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. রুবেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে
জানা গেছে, বিস্ফোরণে শতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭০ জনকে এরই
মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে অবস্থা
আশঙ্কাজনক। কেউ দগ্ধ, কেউ মারাত্মকভাবে জখম হয়েছেন।
জানা গেছে, শনিবার
রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে
আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে
বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও নয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের
সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক
ক্ষয়ক্ষতিও হয়েছে।
পাঁচলাইশ থানার
উপ-পরিদর্শক আশেক জানান, ‘সীতাকুণ্ডে বিস্ফোরণে
আহত ৭০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনা এড়াতে
ডিপোর প্রবেশদ্বারে লোকজন চলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে
সরিয়ে নিতে এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে।

