
পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং এপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যাক্তি ব্যবহার করে থাকেন। যা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে
ঢাকার মতো চট্টগ্রামেও মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। এই সিদ্ধান্ত কার্যকর হবে বুধবার (৩০ জুন) থেকে।
মঙ্গলবার (২৯ জুন) সিএমপি নাগরিকদের প্রতি এই অনুরোধ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এরূপ পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটর সাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয় না।’
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং এপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যাক্তি ব্যবহার করে থাকেন। যা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে। নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’
এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ছাড়া অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিষেধাজ্ঞা দেয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে ২৮ জুন থেকে ১ জুলাই ভোর ৬ টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

