
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে যেকোনো দেশ থেকে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।
আজ বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে যেতে হবে। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ বারদান জুং ব্রানা, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রমুখ।

