
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা বজায় থাকলে কিছু মানুষের ভালো লাগে না। এরা দেশে
অগণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার খেলায় মেতে উঠেছে।
আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা
পরিষদের সিংহভাগ সদস্য উপস্থিত রয়েছেন।
শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে কী হতো
তার জন্য বেশি দূর যেতে হবে না। ২০০১ সালের নির্বাচন, মাগুরার নির্বাচন, মিরপুর-১০
নির্বাচনগুলো স্মরণ করলে হবে। কথা ছিল (প্রচলিত) ১০ হোন্ডা, ২০ গুন্ডার নির্বাচন।
তিনি আরও বলেন, ভোটের সিল মারা থেকে শুরু
করে নানান অপকর্ম হতো। যার জন্য আমরা স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
করেছি। ২০০৬ সালে নির্বাচন করার জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার লিস্ট করেছিল বিএনপি।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে
এতো উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে। নির্বাচনে
যতটুকু স্বচ্ছতা তা আওয়ামী লীগের আন্দোলনের ফসল।
বৈদেশি মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে তিনি
বলেন, দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। এখনো ৫ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ
আছে। যারা বলেন রিজার্ভের টাকা কোথায় গেল? কেন খরচ হচ্ছে? তাদের বলছি- রিজার্ভের টাকা
গেছে গম, ভুট্টা, ভোজ্যতেলসহ মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা
মেটানোর জন্য।

