Logo
শিরোনাম

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের প্রথম মেট্রোরেল চালুর এক মাসের মাথায় এবার দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ বিশাল এ প্রকল্পের উদ্বোধন করেন সরকারপ্রধান।

পূর্বাচলে এ উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতের মাধ্যমে বৃহৎ এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে একই স্থানে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

এমআরটি লাইন-১-এর দুটি অংশ থাকবে। একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (বিমানবন্দর রুট) ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার অংশ। এটি হবে ভূগর্ভস্থ এবং এতে ১২টি স্টেশন থাকবে।

অপর অংশটি নতুন বাজার থেকে প্রায় ১১ দশমিক ৩৭ কিলোমিটার এলিভেটেড লাইনসহ পূর্বাচল পর্যন্ত (পূর্বাচল রুট)। এতে সাতটি স্টেশন থাকবে। অন্যদিকে বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার এবং নদ্দা স্টেশন হবে ভূগর্ভস্থ।

বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এমআরটি লাইন-১-এর নির্মাণ কাজের জন্য ৫২ হাজার ৫৬১ দশমিক ৪৩ কোটি টাকার ব্যয়ভার বহন করবে। এর মধ্যে জাইকা প্রকল্প সহায়তা (পিএ) হিসেবে দেবে ৩৯ হাজার ৪৫০ দশমিক ৩২ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা।

জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রো লাইন নির্মাণ কাজ তদারকি করবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, এমআরটি লাইন-১-এ ১২টি ভূগর্ভস্থ স্টেশনে বিরতিসহ বিমানবন্দর থেকে কমলাপুর ভ্রমণ করতে লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড এবং সাতটি বিরতিসহ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে মিনিট ৩৫ সেকেন্ড। যাত্রীরা নতুন বাজার ইন্টারচেঞ্জের মাধ্যমে ১৬টি স্টেশনে বিরতিসহ মাত্র ৪০ মিনিটের মধ্যে কমলাপুর থেকে পূর্বাচলে যেতে পারবেন। এমআরটি লাইন-১ চালু হলে এ রুটে প্রতিদিন আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন-৫ (উত্তর রুট) দিয়ে একটি ইন্টারচেঞ্জ সুবিধা থাকবে, যেখান থেকে যাত্রীদের জন্য পূর্বাচল থেকে বিমানবন্দর রুটে অথবা পূর্বাচল রুট থেকে বিমানবন্দরে যেতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫২ হাজার ৫৬১ দশমিক ৪৩ কোটি টাকার এমআরটি লাইন-১ প্রকল্প অনুমোদন দেয়।


আরও খবর