
ভারতের সুপ্রিম
কোর্ট বলেছেন, রাষ্ট্র হিসেবে দেশটির যে ধর্মনিরপেক্ষ অবস্থান, তা অবশ্যই ধরে রাখতে
হবে। এই ধর্মনিরপেক্ষ অবস্থানকে সুরক্ষিত করতে হবে বলেও মন্তব্য করেছেন।
ভারতে মুসলমানদের
বিরুদ্ধে যে ধরনের বক্তব্য সম্প্রতি দেওয়া হয়েছে, তা নিয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে
গতকাল শুক্রবার দেশটির সর্বোচ্চ সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেছেন।
ভারতীয় একজন মুসলিম সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছেন, সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে যত্রতত্র ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়া হচ্ছে ভারতে। এর বিরুদ্ধে দেশটির রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তার সেই আবেদনের
শুনানি হয় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও হৃশিকেশ রায়ের বেঞ্চে। আদালত
বলেছেন, কেউ ধর্মের বিরুদ্ধে ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়ার কারণে যারা হতাশ এবং রেগে
আছেন, তাদের একজন ওই মুসলিম; তিনি আদালতে আবেদন করেছেন।
আদালত আরও বলেছেন,
এটা একবিংশ শতাব্দী। ভারতের সংবিধানের ৫১ অনুচ্ছেদে বলা হয়েছে- নতুন জ্ঞান, পূর্বনির্ধারিত
মতামতের বিরুদ্ধে যায় এমন কিছুও আমাদের গ্রহণ করা উচিত। ধর্মের নামে এখন যা হচ্ছে তা
বেদনাদায়ক।
আদালত আরও জানিয়েছেন,
কোনো ধর্মীয় গোষ্ঠীর মানুষকে উদ্দেশ্য করে ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়া বন্ধে দেশটির
রাজ্যগুলোকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

