
করোনা নিয়ন্ত্রণের
সাফল্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক। মঙ্গলবার (২৯ মার্চ) ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু
গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী
‘দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’
উল্লেখ করে বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে
রাখতে সবাইকে নিয়মিত মাস্ক পরতে হবে, সবাইকে টিকা নিতে হবে।’
অনুষ্ঠানে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের
টিকা কার্যক্রম এতটা সফল হয়েছে যে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।
একইসঙ্গে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে।
জাহিদ মালেক বলেন,
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ২০১৬ সালে প্রতিষ্ঠার পর
থেকে এখন পর্যন্ত ১ লাখ মানুষ ওপিডি-তে (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) সেবা নিয়েছেন। আর
এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ হাজার জনের অপারেশন হয়েছে এবং জরুরি সেবা নিয়েছেন ১৩
হাজার ৫০০ লোক।
অনুষ্ঠানে ভিডিও
কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.
সামন্ত লাল সেন, সোসাইটি অব প্লাস্টিক সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম
আজাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক ডা. হেদায়াত আলী খানসহ আরও অনেকে।

