Logo
শিরোনাম

দুর্দশার মধ্যে দেশকে রেখে যাচ্ছেন বরিস

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘোষণা আগেই দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সময় এসেছে বরিস জনসনের। কনজারভেটিভ পার্টির এই নেতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যকে বের (ব্রেক্সিট) করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিঃসন্দেহে ওটা তার বড় অর্জন। কিন্তু পদত্যাগের পর নিজের উত্তরসূরির জন্য তিনি কী রেখে যাচ্ছেন- সেটাই এখন আলোচ্য।

যুক্তরাজ্যের অর্থনীতিতে এখন মন্দাভাব প্রকট, অনেকটা ২০১০ সালের মতো। দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। গত কয়েক প্রজন্মের লোকজন এতটা সংকটময় অবস্থা দেখেনি। মূল্যস্ফীতি লাগামছাড়া, জ্বালানির দামও আকাশচুম্বী। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এমন পরিবর্তন এসেছে ব্রিটিশদের জীবনে।  

গ্যাস সংকট চলছে। তার মধ্যেই সরকার গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়িয়েছে গত মাসে। ফলে ব্রিটিশদের কাছে এখন বড় প্রশ্ন- আগামী শীতে তারা খাবার কিনবে, নাকি ঘরবাড়ি উষ্ণ রাখার জ্বালানি? খাবার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বার্ষিক মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে চলে গেছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে হতাশ শ্রমিকেরা বিক্ষোভ ও ধর্মঘটে যোগ দিচ্ছেন। ব্রিটিশ পাউন্ডের মান অনেক কমে এসেছে। দুই বছরেরও বেশি সময় ধরে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, জ্বালানি সংকট তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনে মূল্যস্ফীতি ১৩ শতাংশে লাফিয়ে উঠবে। এটা ব্যাংক অব ইংল্যান্ডের অনুমান। যুক্তরাজ্যের বড় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে, মূল্যস্ফীতি ২০২৩ সালের শুরুর দিকে ১৮ শতাংশে পৌঁছাতে পারে। আর গোল্ডম্যান শ্যাক্স সতর্কবার্তা দিয়েছে, গ্যাসের দাম এখনকার হারে বাড়তে থাকলে মূল্যস্ফীতি ২২ শতাংশে পৌঁছাতে পারে। তাই ব্যবসায়ীসহ সাধারণ ব্রিটিশরাও বলছেন, সরকারি সহায়তা ছাড়া এবারের শীত পার করা কঠিন হবে।

বরিস জনসন তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দেয়ায় ২০২৫ সালে অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত দেশের নেতৃত্ব দেবেন নতুন একজন প্রধানমন্ত্রী। এ পদের জন্য কনজারভেটিভ পার্টির দুই প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস ও ঋষি সুনাক লড়াই করছেন।

দলের অবস্থান এবং আদর্শ অনুযায়ী লিজ ট্রাস ডানপন্থী শিবিরের আনুকূল্য পেয়েছেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। আর চলতি সপ্তাহেই তাদের মধ্যে একজন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসে এই অর্থনৈতিক বিপর্যয়কে কিভাবে সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়।

নিউজ ট্যাগ: বরিস জনসন

আরও খবর