Logo
শিরোনাম

এবার ইউক্রেনে ফ্লাইট বাতিল কয়েকটি এয়ারলাইন্সের

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। এমন আশঙ্কা থেকেই ইউক্রেনগামী ফ্লাইট বাতিল কিংবা অন্যত্র পাঠাচ্ছে বেশ কয়েকটি এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া বলে দাবি করে আসছে পশ্চিমারা। এমনকি, প্রতিবেশী বেলারুশেও রুশ সেনা পাঠানো হয়েছে মহড়ার জন্য।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেন সীমান্তে উপস্থিত রুশ সেনা সমাবেশ ও সরঞ্জাম হামলার জন্য পর্যাপ্ত। যেকোনো সময় আক্রমণের নির্দেশ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, বার বার ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করে আসছে রাশিয়া।

ডাচ এয়ারলাইন কেএলএম শনিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইউক্রেনে ফ্লাইট বাতিল থাকবে।

এদিকে, ইউক্রেনে আকাশসীমা নিয়ে নেদারল্যান্ডসের সংবেদনশীলতা চরমে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেন রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়। এতে ২৯৮ জন নিহত হন, যাদের মধ্যে ১৯৮ জনই ছিলেন ডাচ নাগরিক।

ইউক্রেনীয় চার্টার এয়ারলাইন স্কাইআপ রবিবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, পর্তুগালের মাদেইরা থেকে কিয়েভ অভিমূখী ফ্লাই মলডোবার রাজধানীতে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানিটির ভাড়াদাতা প্রতিষ্ঠান ইউক্রেনের আকাশসীমায় ফ্লাইট নিষিদ্ধ করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র সার্হি নিকিফোরভ এ প্রসঙ্গে জানান, আকাশসীমা বন্ধ করা হয়নি। আর অবকাঠামো মন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি এয়ারলাইন্স বীমার বাজারের ওঠানামার কারণে অসুবিধার মুখে পড়ছে।


আরও খবর