
উত্তর সিটির একটি ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। চালককে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে
ফের রাজধানীতে সড়ক দুর্ঘটনা। এবারও জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি। এবার শিকার একজন নারী। এক বাস থেকে নামার সময় পেছন থেকে সেই গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম চালককে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার শিকার নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানার হেড অফিসে কাজ করেন৷
আরজু বেগমের একজন সহকর্মী বদরুল বলেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সিটি লিংক বাস থেকে নামছিলেন আরজু বেগম। এসময় পেছন থেকে উত্তর সিটির ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শহিদুল ইসলাম বলেন, উত্তর সিটির একটি ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। চালককে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই (বৃহস্পতিবার, ২৫ নভেম্বর) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

