
প্রেম মানে না কোনো বাধা। প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশে ছুটে আসছেন ভিনদেশি তরুণ-তরুণী। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান যুবক।
গত এক সপ্তাহ আগে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার নাগরিক রোশান মিঠুন। এরপর যান উত্তরের জেলা জয়পুরহাটে। গত ২২ সেপ্টেম্বর জয়পুরহাট সদরের উত্তর পাথুরিয়া গ্রামের প্রেমিকা রাহেনা বেগমকে বিয়ে করেন তিনি। রাহেনা ওই গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।
জানা গেছে, রাহেনা জর্ডানে গিয়ে একটি কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির সুপাইভাইজার পদে ছিলেন শ্রীলঙ্কান যুবক রোশান। সেখানেই তাদের পরিচয় হয়। তারপর প্রেম। গত দেড় বছর আগে যুবক তার নিজ দেশে ফিরলেও জয়পুরহাটের যুবতী দেশে ফেরেন এ বছরেই। আর সম্প্রতি শ্রীলঙ্কা থেকে জয়পুরহাটে এসে রাহেনাকে বিয়ে করেছেন রোশান।
যুবতী রাহেনা বেগম বলেন, ছোট বেলাতেই আমার বিয়ে হয়। সেখানে একটি বাচ্চাও আছে। এরই মধ্যে ২০১৫ সালে জর্ডানে যাই। সেখানে থেকেই স্বামী আমাকে ডিভোর্স দেয়। পরে আমার ওই কোম্পানিতে সুপাইভাজার পদে চাকরি করতেন রোশান। তার সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক হয়। গত দেড় বছর আগে রোশান তার নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যায়। আর এ বছরের ফেব্রুয়ারি মাসে আমি নিজ দেশে চলে আসি। এর মধ্যে মোবাইলে আমাদের কথা হতো। তার পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে। সম্প্রতি রোশান জয়পুরহাটে আসে এবং আমরা বিয়ে করি।
জানতে চাইলে রোশান মিঠুন বলেন, মেয়ের পরিবার পছন্দ হয়েছে। তারা সবাই অনেক ভালো। আমি এখানে এসে বিয়ে করেছি। এখানেই থাকতে চাই। আমি বাংলাদেশকে ভালবাসি।

