
ঈদের ছুটির তিন দিন এবং সাপ্তাহিক ছুটির
দিন শুক্রবারসহ চার দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ জুলাই) ফের শুরু হয়েছে করোনাভাইরাসের
টিকাদান কার্যক্রম।
রাজধানী ঢাকাসহ দেশব্যাপী যারা করোনার
টিকা নেয়ার জন্য নিবন্ধন করে আজ টিকা নেয়ার ক্ষুদে বার্তা পেয়েছেন সেই সব নাগরিকদের
টিকা প্রদান করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে সিনোফার্ম,
মডার্না ও ফাইজারের টিকা দেয়া হচ্ছে নিবন্ধনকারী নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে,
দেশে গত ১৯ জুলাই পর্যন্ত সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের কোভিশিল্ডের প্রথম ডোজের
টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার
৮৬ জন। টিকার মজুত শেষ হওয়ায় কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নেয়া অনেকেই এখনো দ্বিতীয়
ডোজের টিকা পাননি।
শনিবার (২৪ জুলাই) বিকেলে কোভ্যাক্সের
আওতায় জাপান সরকারের উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে দেশে।
যারা দ্বিতীয় ডোজের টিকা পাননি সেসব নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে এসব টিকা প্রদান
করা হবে।
এদিকে দেশে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৩১৯ জন, ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ১০৪ জন এবং মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন।

