Logo
শিরোনাম

এইচএসসি পরীক্ষায় বসছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
এইচএসসি-সমমান পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। কেউ যদি তার পরে আসে তবে তাকে গেটে রেজিস্ট্রার খাতায় পরিচয় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করে প্রবেশ করতে হবে

সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। করোনার পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টায় হবে এবারের পরীক্ষা। এ বছর ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। সকালে ও বিকেলে দুই ধাপে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার সাধারণ নয়টি শিক্ষাবোর্ডে পরীক্ষা দিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। তাদের ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এছাড়া এইচএসসি- বিএম/ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এবার সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে তিন লাখ ১৪ হাজার ৭০৪ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৫০ হাজার ৭৪৫ জন, কুমিল্লা বোর্ডে এক লাখ ১৭ হাজার ৩০৯ জন, যশোর বোর্ডে এক লাখ ৩১ হাজার ১৫৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক লাখ এক হাজার ১০২ জন, বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন, সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ১৫ হাজার ৭৯৫ জন এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন।পাশাপাশি মাদরাসা শিক্ষাবোর্ডে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। সবমিলিয়ে সারাদেশে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন।

এইচএসসি-সমমান পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। কেউ যদি তার পরে আসে তবে তাকে গেটে রেজিস্ট্রার খাতায় পরিচয় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট নির্বাচন কেন্দ্রে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন (ছবি তোলা যায় না এমন ফোনসেট) ব্যবহার করতে পারবেন।

করোনা পরিস্থিতির কারণে এবার পরীক্ষার্থীদের তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এমসিকিউ ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে। সময় ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার মোট সময় এক ঘণ্টা ৩০ মিনিট।

মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে। এ জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। তত্ত্বীয় ১১টির মধ্যে তিনটির উত্তর দিতে হবে। এরমধ্যে দুটি বড় প্রশ্ন। আগে লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার মোট সময় একঘণ্টা ৩০ মিনিট। এ সময়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।


আরও খবর