
চলছে অমর একুশে বইমেলা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে অস্থায়ী শিশু চত্বর। এর পাশেই শিশুদের জন্য রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। যেখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই।
শিশুদের মধ্যে কেউ আঁকতে পছন্দ করে, কেউবা আবার বিজ্ঞানের বই পড়তে, কেউ গল্পের বই, কেউ আবার ইংরেজি বই পড়তে পছন্দ করে। মেলায় আসা শিশুরা বাবা-মা ও পরিবারের সঙ্গে এসে কিনছে পছন্দ অনুযায়ী নানা ধরনের বই। শুক্র ও শনিবার ছুটির দিনে শিশুদের জন্য আয়োজন থাকে তাদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর। তাই এ দুই দিন বইমেলায় থাকে শিশুদের বাড়তি ভিড়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে গিয়ে এমনটাই দেখা গেছে।
অমর একুশে বইমেলায় প্রতি বছরই বড়দের পাশাপাশি ছোটদের জন্য নতুন নতুন বই প্রকাশ পায়। এ বছরও শিশু সাহিত্যের এখন পর্যন্ত ১৮টি বই প্রকাশ পেয়েছে মেলায়। প্রতিদিনই শিশুদের স্টলগুলোতে শিশুদের বই কেনার ভিড় দেখা যায়। শুক্রবার ও শনিবার ছুটির দিনে সিসিমপুর উপভোগ করতে আসে কয়েকশ শিশু। মেলার শিশু চত্বরে এসময় আনন্দে মেতে ওঠে শিশুরা। পাশে দাঁড়িয়ে সেই আনন্দ উপভোগ করেছেন অভিভাবকরাও। এরপরই পছন্দের বই কিনে দেন অভিভাবকরা।
বই কিনে দিতে পেরে খুশি অভিভাবকরাও। আজিমপুর থেকে মেয়েকে নিয়ে আসা নাজনিন নাহার বলেন, গত সপ্তাহে ছুটির দিনে আসতে পারিনি। আজ মেয়েকে নিয়ে আসলাম সিসিমপুর দেখাতে এবং তার পছন্দ মতো বই কিনে দিতে। দুটা বই কিনেছি। মেয়েও মেলায় এসে খুশি। তাই নিজেরও ভালো লাগছে।

