
২০১৯ সালের ১০ জুলাই ঋণ জালিয়াতি এবং চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।
বুধবার (২৩ জুন) আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়। এ মামলার ২১ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর মামলায় সর্বশেষ ১ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। তার সাক্ষ্য শেষ হলে জেরার জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেন আদালত। এদিন করোনার প্রার্দুভাবের কারণে আদালত বন্ধ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালতের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।
২০১৯ সালের ১০ জুলাই ঋণ জালিয়াতি এবং চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী হলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ। ২০২০ সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

