
ফেনীতে স্টার
লাইন ফুড প্রোডাক্টের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের
চেষ্টায় শুক্রবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের
খবর পাওয়া যায়নি।
স্টার লাইন কর্তৃপক্ষ
ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে নুডলস তৈরির একটি শেড
থেকে আগুন লাগে। এ সময় শ্রমিকরা নামাজ ও খাবারের বিরতিতে ছিলেন। আগুন আশপাশের কয়েকটি
শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী ও আশপাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে
আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের
উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ফেনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে ফেনীর পাঁচটি উপজেলা
টিম, পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আরও কয়েকটি
টিমসহ মোট ১১টি ইউনিট কাজ করে।
স্টার লাইন গ্রুপের
নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বলেন, স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানার সেমাই, নুডলস,
বিস্কুট, চানাচুর, বার্গার, পেইস্ট্রি ও মিষ্টিসহ প্রায় অর্ধশতাধিক খাদ্য সামগ্রী তৈরি
করা হতো। কারখানায় অন্তত দেড় হাজার শ্রমিক কাজ করে। নুডলস তৈরির শেড থেকে আগুনের সূত্রপাত
হয়। মুহূর্তে পাশের বেকারি ও সেমাইসহ ৫০টি পণ্য উৎপাদনের শেডে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপক
ক্ষয়ক্ষতি হয়েছে।
রমজান উপলক্ষে বিপুল পরিমাণ উৎপাদিত পণ্যসহ আগুন লাগার সময় প্রায় কয়েক কোটি টাকার পণ্য ডেলিভারির জন্য প্রস্তুত ছিল।

