Logo
শিরোনাম

ফিটনেসবিহীন বাস ধ্বংস করা হবে: মেয়র তাপস

প্রকাশিত:সোমবার ২৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
পহেলা ডিসেম্বর থেকে ঢাকায় কোনো ফিটনেসবিহীন বাস চলবে না। এবার আমরা শুধু জরিমানা করব না, বরং ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করে তা ধ্বংস করে ফেলব

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় কোনো ফিটনেসবিহীন বাস চলবে না। ফিটনেসবিহীন কোনো বাস চললে এবার জব্দ করে ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯ তম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিএসসিসি মেয়র বলেন, পহেলা ডিসেম্বর থেকে ঢাকায় কোনো ফিটনেসবিহীন বাস চলবে না। এবার আমরা শুধু জরিমানা করব না, বরং ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করে তা ধ্বংস করে ফেলব।’

ঘাটারচর থেকে কাঁচপুর নতুন রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহন মালিকেরা সম্মতি দিয়েছেন।’

সভায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  


আরও খবর